Learning tips3

ব্লক করুন যেকোনো ওয়েবসাইট

আপনার কম্পিউটারে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট যেন না খোলে সে ব্যবস্থা আপনি সহজেই করতে পারেন।এ জন্য অনাকাঙ্ক্ষিত সাইট ব্লক করতে হবে।ছোট্ট একটা ফাইল সম্পাদনা করেই এ কাজটি করা যায়। কম্পিউটারে নোটপ্যাড খুলুন।ফাইল থেকে ওপেনে ক্লিক করুন। নিচে Files of type থেকে All files নির্বাচন করুন।এবার C:/WINDOWSystem32/drivers/etc ফোল্ডারটি খুঁজে বের করুন।HOSTS ফাইলটি খুলুন। নিচে দেখুন একটা লাইন আছে এমন ‘127.0.0.1 localhost’। এর নিচে লিখুন 127.0.0.2 www.xyzabc.com ( যে সাইট ব্লক করতে চান) এবং সেভ করুন।তাহলে ওই সাইটটি ব্লক হয়ে যাবে এবং আপনার কম্পিউটার থেকে আর কেউ এটায় যেতে পারবে না।
অনেকগুলো সাইট ব্লক করতে চাইলে একইভাবে শুধু 127.0.0.1 এর জায়গায় 127.0.0.2 দিন, আরও করতে চাইলে 127.0.0.3 লিখে সাইটের পুরো ঠিকানা লিখবেন। আনব্লক করতে চাইলে ব্লক করার জন্য যে লাইনটা লিখেছিলেন, সেটা মুছে দিয়ে ফাইলটি সেভ করলেই চলবে।

পাওয়ার পয়েন্টের কিছু শর্টকাট

 এমএস ওয়ার্ড বা এক্সেলের মতো পাওয়ার পয়েন্টেও দ্রুত কাজ করার জন্য শর্টকাট কি ব্যবহার করা যায়। পাওয়ার পয়েন্টে Ctৎl বা Alt-এর সঙ্গে A থেকে Z ব্যবহার করে দ্রুত অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। নিচে কিছু শর্টকাট দেওয়া হলো।

Ctrl+A ফাইলের সম্পূর্ণ লেখাগুলো নির্বাচন করা।
Ctrl+B নির্বাচিত লেখাকে বোল্ড করা।
Ctrl+C কপি করা।
Ctrl+D ডুপ্লিকেট লেখা তৈরি করা।
Alt+E লেখাকে মাঝখানে নিয়ে যাওয়া।
Ctrl+F শব্দ খুঁজে বের করা।
Ctrl+G নির্দিষ্ট পৃষ্ঠা, লাইন বা টেবিলে যাওয়া।
Ctrl+H নির্দিষ্ট লেখাকে পরিবর্তন বা রিপ্লেস করা।
Ctrl+I লেখাকে ডানে তির্যকভাবে দেখানো (ইটালিক)।
Ctrl+J নির্বাচিত লেখাগুলোর সঠিক মার্জিন বা জাস্টিফাই আকারে সাজানো।
Ctrl+K ইনসেট হাইপারলিঙ্কের মাধ্যমে অন্য ফাইলের সঙ্গে সংযোগ স্থাপন।
Alt+L লেখাকে বাম দিকে নেওয়া (লেফট অ্যালাইনমেন্ট)।
Alt+M নতুন একটি স্লাইড তৈরি করা।
Ctrl+N নতুন একটি ফাইল বা প্রজেক্ট তৈরি করা।
Ctrl+O পুরোনো কোনো ফাইল খুলে কাজ করা।
Ctrl+P প্রিন্ট করা।
Alt+Q পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম বন্ধ করা।
Ctrl+R লেখাকে ডানে নিয়ে যাওয়া (রাইট অ্যালাইনমেন্ট)।
Ctrl+S সব কাজ এবং ডকুমেন্ট সংরক্ষণ করা।
Ctrl+T ফন্ট বা লেখার বাহ্যিক দিক পরিবর্তন করা।
Ctrl+U আন্ডারলাইন।
Ctrl+V পেস্ট করা।
Ctrl+W ফাইল বন্ধ করা।
Ctrl+X নির্বাচিত লেখাকে কেটে নিয়ে যাওয়া।
Ctrl+Y আনডুর কার্যকারিতা বাতিল করা (রিডু)।
Ctrl+Z আনডু করা অথবা আগের অবস্থায় ফিরে যাওয়া।

দিনে ছয় হাজার কদমে সুস্থতা

শরীর সুস্থ রাখতে দ্রুত, না ধীরগতিতে হাঁটবেন—এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তবে এবার গবেষকেরা বলছেন, প্রতিদিন প্রায় ছয় হাজার বা তার চেয়ে বেশি সংখ্যক কদমে হাঁটায় মধ্যবয়সী নারীদের স্বাস্থ্য ভালো থাকে। দ্রুত বা ধীরে হাঁটা খুব গুরুত্বপূর্ণ নয়, আবার সিঁড়ি দিয়ে কিংবা সাধারণ চলাফেরার মাধ্যমেও তা হতে পারে।
নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটির জার্নালে এ মাসেই প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণা নিবন্ধটি। গবেষকেরা বলছেন, মধ্যবয়সে এই শারীরিক পরিশ্রমে ডায়াবেটিস ও বিপাকীয় রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। যদিও অন্য গবেষণায় নিয়মতান্ত্রিক ব্যায়ামকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হূদেরাগ নিয়ন্ত্রণে রাখার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে সাম্প্রতিক এই গবেষণায় বলা হয়েছে, দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যে ব্যায়াম হয় তাতেও নারীদের স্বাস্থ্য ভালো থাকে।
গবেষকেরা ব্রাজিলের ৪৫ থেকে ৭২ বছর বয়সী ২৯২ জন নারীর ওপর এই গবেষণা চালিয়েছেন। কদম গণনাযন্ত্রের মাধ্যমে তাঁদের প্রত্যেকেরই প্রতিদিনের হাঁটা নথিভুক্ত করেন বিজ্ঞানীরা।
এ সময় তাঁদের কোলেস্টেরল, রক্তের শর্করা পরীক্ষা করে দেখা হয়। পরীক্ষায় দেখা গেছে, যাঁরা প্রতিদিন ছয় হাজার বা তারও বেশি কদম ফেলে হেঁটেছেন তাঁদের
ক্ষেত্রে কোলেস্টেরল, শর্করা ইত্যাদি নিয়ন্ত্রণে রয়েছে। তাঁদের ক্ষেত্রে ডায়াবেটিস ও অন্যান্য বিপাকীয় ক্ষতিকর নির্দেশকও কম দেখা গেছে। তবে অন্যদের ক্ষেত্রে এসব রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি ছিল বলে গবেষণায় বলা হয়েছে। বিবিসি।

Learning tips2

ই-মেইল একজনের, ব্যবহার করছে আরেকজন?

Hi, I am in trouble. Please send me some money. নিচে ক্রেডিট কার্ডের তথ্য দেওয়া। আপনার কোনো বন্ধুর ই-মেইল থেকে হয়তো মেইলটি এসেছে। এ রকম ই-মেইল ইদানীং অনেকের কাছেই আসে। বিশেষ করে ইয়াহু মেইলে মাঝেমধ্যে এ ধরনের মেইল আসে পরিচিত জনের কাছ থেকে। যারা বিদেশে থাকে, তাদের মেইল থেকেই এ ধরনের মেইল আসে বেশি। অনেকে মেইল পাওয়া মাত্র টাকা (ডলার) পাঠিয়ে দেয় ওই ক্রেডিট কার্ড নম্বরে। এই টাকাগুলো চলে যায় হ্যাকারের দখলে। আবার যারা জানে, তারা ই-মেইলটা পাত্তা না দিয়ে মুছে ফেলে।
হ্যাকাররা কারও কারও ই-মেইল ঠিকানা বেদখল (হ্যাক করা) করে এ ধরনের মেইল পাঠিয়ে থাকে। ক্রেডিট কার্ডের তথ্যে নিজেদের কার্ডের নম্বর দিয়ে দেয়। টাকা চলে যায় তাদের অ্যাকাউন্টে।
যারা এ ধরনের ই-মেইল প্রায়ই পায়, তারা বুঝে যায় যে কাজটি হ্যাকারের। যারা নতুন বা প্রথম এ ধরনের মেইল পায়, তারা অনেক সময় বুঝতে পারে না। টাকা পাঠিয়ে পরে বুঝতে পারে। সেই টাকা সাধারণত আর ফেরত আনা যায় না।
হ্যাকাররা প্রথমে কারও আইডি হ্যাক করে ওই আইডির ইনবক্স, সেন্ট আইটেম থেকে কিছু মেইল পড়ে বা কনটাক্ট লিস্ট থেকে কারও কারও মেইলে এ ধরনের মেইল পাঠিয়ে থাকে, যাতে পুরো মেইল বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।
প্রতিকার: কারও ই-মেইলে এ ধরনের মেইল এলে তাকে (যার আইডি থেকে এসেছে) মোবাইল ফোনে, ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে জিজ্ঞেস করে নিতে পারেন যে সে এই মেইলটি করেছে কি না।
হ্যাকার যদি তার অন্যান্য মাধ্যমও (ফেসবুক, অন্য ই-মেইল ঠিকানা) হ্যাক করে ফেলে, তাহলে হ্যাকারই আবার অন্য আইডি থেকে উত্তর দেবে। এ জন্য সবচেয়ে ভালো হয় মোবাইল ফোনে জিজ্ঞেস করা বা ভয়েস চ্যাট করে জিজ্ঞেস করা। মেইল বা ফেসবুকে বার্তা দিয়ে জিজ্ঞেস করতে চাইলে মেসেজটি ইংরেজি হরফে বাংলা লিখুন। যেমন, Tumi ki taka cheye amar kache email korecho? তাহলে হ্যাকার যদি বাংলা ভাষা না জানে, তাহলে সে বুঝবে না।
হ্যাকার যদি আপনার আইডি হ্যাক করে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে, তাহলে আপনি যখন আপনার আইডিতে ঢুকতে পারবেন না, তখনই বুঝতে পারবেন আপনার আইডি হ্যাক হয়েছে। আর হ্যাকার যদি আপনার পাসওয়ার্ড জেনে যায় কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন না করে মাঝেমধ্যে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে, তাহলে কীভাবে বুঝবেন?
আপনার ই-মেইল বেদখল বা হ্যাকড হয়েছে, এটা হয়তো আপনি বুঝেছেন, কিন্তু হ্যাকার আপনার পাসওয়ার্ড জানে? কীভাবে জানবেন যে হ্যাকার আপনার পাসওয়ার্ড জানে কি না?
ইয়াহুর ক্ষেত্রে: প্রথমে ইয়াহু মেইলে ঢুকে (লগ-ইন) আপনার নামের ওপর ক্লিক করে Account Info নির্বাচন করুন। পাসওয়ার্ড দিতে বললে আবার পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। এখন নতুন পেজ এলে বাম পাশ থেকে Sign-In and Security-এর সবার নিচের View your recent login activity-এ ক্লিক করুন।
নতুন পেজ এলে দেখতে পাবেন আপনার কম্পিউটারের বর্তমান আইপি ঠিকানা এবং গত কয়েকবার কোন দেশ থেকে, কত তারিখ, কতটার সময়, ব্রাউজার না ইয়াহু মেসেঞ্জার দিয়ে আপনার মেইলে প্রবেশ করা হয়েছে এবং তখন কী কী কাজ করা হয়েছে। ডান পাশে Location থেকে IP Address নির্বাচন করে দিলে দেখতে পাবেন কোন কোন আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা থেকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করা হয়েছে। আপনি যদি সব সময় একই কম্পিউটার থেকে লগ-ইন করে থাকেন এবং একই সংযোগদাতার ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে আইপি ঠিকানার চারটি অংশের মধ্যে প্রথম দুটি অংশ একই থাকবে। তখন যদি দেখেন ভিন্ন কোনো আইপি থেকে বা ভিন্ন কোনো সময়ে আপনার মেইলে প্রবেশ করা হয়েছিল এবং ওই আইপি ঠিকানা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে আইপি ঠিকানাটি কপি করে www.ip-adress.com/whois ঠিকানায় গিয়ে টেক্সটবক্সে পেস্ট করে IP Whois বাটনে ক্লিক করুন। তাহলে জানতে পারবেন ওই আইপি ঠিকানাটি কোন সংযোগদাতার, তাদের ঠিকানা, মেইল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি। এমনকি একটি মানচিত্রের সাহায্যেও দেখানো হবে কোন জায়গা থেকে ওই আইপি ঠিকানার সার্ভিস দেওয়া হচ্ছে।
ইয়াহু মেইলের বিভিন্ন সংস্করণ আছে। যেমন—ক্লাসিক, বেটা ইত্যাদি। তাই বিভিন্ন সংস্করণে এই অপশনগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে। একটু খোঁজাখুঁজি করলেই হয়তো পেয়ে যাবেন। 

হ্যাকারের হাতে আপনার ই-মেইল ঠিকানা।এখন এটি পুনরুদ্ধার করতে হবে।কীভাবে ফিরে পাবেন আপনার ই-মেইল অ্যাকাউন্ট—তা নিচে দেওয়া হলো।
ইয়াহুর ক্ষেত্রে: ইয়াহুতে ঢোকার (লগ-ইন) সময় যখন ঢুকতে পারবেন না, তখন লগ-ইনের নিচে I can’t access my account-এ ক্লিক করুন। নতুন পেইজ এলে I have a problem with my password নির্বাচন করে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My Yahoo! ID-এ আপনার ই-মেইল ঠিকানা লিখে Enter the code shown বক্সে নিচে থাকা সাংকেতিক সংখ্যা বা অক্ষর লিখে Next-এ ক্লিক করুন। নতুন পেইজ এলে My alternate email-এ আপনার বিকল্প ই-মেইল ঠিকানা লিখে Next-এ ক্লিক করুন। আপনার বিকল্প ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে, তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি পুনরুদ্ধার করতে পারবেন।
আপনার ই-মেইল ঠিকানায় যদি বিকল্প ই-মেইল উল্লেখ না করা থাকে বা আপনার বিকল্প ঠিকানাটাও যদি হ্যাকড হয়ে যায়, তাহলে My alternate email-এর নিচের অপশনটি Use my secret questions নির্বাচন করে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে দুটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নগুলো ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নগুলোর সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে, তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি পুনরুদ্ধার করতে পারবেন।
ই-মেইল অ্যাকাউন্টে অলটারনেটিভ ই-মেইল নামে একটি অপশন থাকে সেখানে আপনার অন্য এক বা একাধিক ই-মেইল ঠিকানা দিন এবং এতে মোবাইল ফোন নম্বর যোগ করুন।
যে ই-মেইল আইডি একবার হ্যাকড হয়েছে, সেটি আর ব্যবহার না করাই ভালো।কারণ, হ্যাকার ওই ই-মেইল আইডির অনেক তথ্য জেনে যায় এবং সে ইচ্ছা করলে আবারও ওই আইডি হ্যাক করতে পারে।  

Salman of Forbes Magazine

বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের পাহাড়সম অঢেল সম্পদের খবর জানার সবচেয়ে সহজ উপায় হলো যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের পাতা ওল্টানো। ৮ অক্টোবরের সংখ্যাটির কথাই ধরা যাক, এর প্রচ্ছদে জ্বলজ্বল করছে বিল গেটস, ওয়ারেন বাফেট ও অপরাহ উইনফ্রের ছবি। শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিশ্বের অন্যতম ধনী ও ক্ষমতাশালী ব্যক্তি তাঁরা। কিন্তু পৃথিবীকে অবাক করে দিয়ে ম্যাগাজিনটির চলতি সংখ্যার (১৯ নভেম্বর, ২০১২) প্রচ্ছদে উঠে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান! খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান অঢেল অর্থবিত্তের মালিক নন, খান একাডেমিও হাজার-কোটি ডলারের কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নয়। কিন্তু গোটা পৃথিবীর শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর যে স্বপ্ন নিয়ে সালমান এগিয়ে চলেছেন, শেষ পর্যন্ত ফোর্বসও তার স্বীকৃতি না দিয়ে পারেনি।
কিন্তু পৃথিবীতে এত ধনকুবের থাকতে কেন সালমান খান? উত্তর মেলে ফোর্বস-এর অন্যতম সম্পাদক মাইকেল নোয়ারের কাছে। তিনি জানান, ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত পুরোনো একটি ভবন এখন পৃথিবীর সবচেয়ে বড় স্কুলে পরিণত হয়েছে বললে খুব একটা বাড়িয়ে বলা হবে না। এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা এরই মধ্যে এক কোটি ছাড়িয়ে গেছে, যদিও স্কুলটি চালাচ্ছেন সর্বসাকল্যে ৩৭ জন। আর এই ৩৭ জনের দলটির মধ্যমণি হচ্ছেন সালমান খান। বলাই বাহুল্য, সেই ‘স্কুল’টি খান একাডেমি। এই খান একাডেমিকে নিয়েই ফোর্বস-এর এবারের প্রচ্ছদকাহিনি, যার শিরোনাম হলো, ‘একজন মানুষ, একটি কম্পিউটার, ১০ মিলিয়ন শিক্ষার্থী: কীভাবে খান একাডেমি শিক্ষাকে আমূল বদলে দিচ্ছে।’
ফোর্বস ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে সালমান বলেন, ‘আমি দিব্যি খান একাডেমিকে একটা ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত করতে পারতাম। হয়তো আমি ১০০ কোটি মানুষের কাছে ভিডিওগুলো বিক্রি করে দিতাম। কিন্তু তারপর? আজ থেকে ৫০ বছর পর কী হতো? কিছু কি আদৌ বদলাত?’
মুনাফা নয়, শত শত বছর ধরে চলে আসা শিক্ষাপদ্ধতি বদলে দেওয়াই সালমান খানের লক্ষ্য।
খান একাডেমির জনপ্রিয়তা এখন এতই বেশি যে গত দুই বছরে প্রায় ২০ কোটি বার ওয়েবসাইট থেকে ভিডিওগুলো দেখা হয়েছে। প্রতি মাসে প্রায় ৬০ লাখ শিক্ষার্থী ভিড় জমাচ্ছে ওয়েবসাইটটিতে। স্বেচ্ছাসেবকেরা ২৪টি ভাষায় ভিডিওগুলোর অনুবাদ করছেন।
ফেসবুক ও টুইটারের প্রথম দিকের বিনিয়োগকারীদের একজন, রুশ পদার্থবিদ ইউরি মিলনার বলেন, ‘সালমানই পৃথিবীর প্রথম সুপারস্টার শিক্ষক।’
যে প্রতিষ্ঠানটি কোটি কোটি শিক্ষার্থীর শেখার পদ্ধতিটাই বদলে দিয়েছে, মাত্র দুই বছর আগেও তা ছিল স্টাডিরুমে একা একা বসে কাজে নিমগ্ন থাকা একজন মানুষের স্বপ্ন। তবে এখন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পালা। সম্প্রতি দি ওয়ান ওয়ার্ল্ড স্কুলহাউস নামের সালমানের লেখা একটি বই প্রকাশিত হয়েছে। খান একাডেমির পাশাপাশি এতে উঠে এসেছে আগামী দিনের শিক্ষাব্যবস্থা নিয়ে তাঁর বৈপ্লবিক চিন্তাভাবনা। পরীক্ষায় গ্রেডিং সিস্টেমের ব্যাপারটিই তিনি উঠিয়ে দিতে চান। এর বদলে তাঁর প্রস্তাবনা হলো, গুণগত দিককে প্রাধান্য দিয়ে সারা বছর ধরে ধীরে ধীরে মূল্যায়নের একটি নতুন পদ্ধতি চালু করা, যাকে তিনি বলছেন ‘রানিং মাল্টি ইয়ার ন্যারেটিভ’।
এসব কিছুই এখন স্বপ্ন। এগুলো বাস্তবে পরিণত হতে কত দিন লাগবে, কেউ জানে না। বাস্তববাদী ও ঝানু ব্যবসায়ীরাও কিন্তু এই স্বপ্নগুলোকে হেসে উড়িয়ে দিতে পারছেন না। তাঁদেরই একজন যুক্তরাষ্ট্রের নামকরা বিনিয়োগকারী-প্রতিষ্ঠান জিএসভি ক্যাপিটালের সিইও মাইকেল মো। তিনি বলেন, ‘হয়তো সালমান এই মুহূর্তে শিক্ষাক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, আর এর সবকিছুই ঘটে গেছে মাত্র দুই বছরে। তিনি একটি বিপ্লব সৃষ্টি করতে চলেছেন। আমার কেবল একটি বিষয়েই খটকা লাগে; তাহলো, তাঁর কাজ তিনি কোনো একটি লাভজনক ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমেও পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে পারতেন।’
ব্যবসা কিংবা লাভের প্রশ্নে সালমান তাঁর অবস্থানে অনড়। ‘বিলিয়নিয়ার হওয়াটা এখন পুরোনো ফ্যাশন হয়ে গেছে! মজার ব্যাপার হলো, আমি যখন প্রথমদিকে লোকজনকে খান একাডেমির সম্ভাবনা ব্যাখ্যা করতাম, তখন আমি বলতাম, এটি যদি অলাভজনক প্রতিষ্ঠান না হয়ে কোনো ব্যবসা হতো, তাহলে আমি ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে থাকতাম!’
সত্যিই অদ্ভুত! মাত্র দুই বছর পর আজ ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে তাঁর ছবি শোভা পাচ্ছে।

প্রথম আলোকে সালমান
প্রথম আলোকে লেখা এক ই-মেইল বার্তায় সালমান বলেন, ‘ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের ছবি দেখে আমি অভিভূত হয়ে গেছি। আমি জানতাম, খান একাডেমি নিয়ে একটি লেখা ছাপাবে তারা, কভার স্টোরি হতে পারে, এমন কথাও কানে এসেছিল দু-একবার। কিন্তু আমি নিশ্চিত ছিলাম, শেষ পর্যন্ত প্রচ্ছদে কোনো বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানির সিইও কিংবা বিলিয়নিয়ারের ছবিই আসবে। অঢেল ধনসম্পদের মালিক না হয়ে ফোর্বস-এর কাছে পাত্তা পাওয়া প্রায় অসম্ভব বলে মনে হয়েছিল আমার। খান একাডেমির মতো অলাভজনক প্রতিষ্ঠানকে যে ফোর্বস এতখানি গুরুত্ব দিয়েছে, এটি সত্যিই দারুণ আনন্দের ও সম্মানের বিষয়!’ Khan Academy
ফোর্বস ম্যাগাজিনের অনলাইন সংস্করণ অবলম্বনে লিখেছেন অঞ্জলি সরকার
collection from prothom alo